অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বিশ্ব, সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে অবস্থান নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আহ্বান শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে চীন। কিন্তু এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করে, ক্ষতি রোধ করতে বেইজিং এবং ব্রাসেলসের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলে মনে করছে দেশটি।

শুক্রবার (১ এপ্রিল) ইইউ নেতাদের সঙ্গে এক শীর্ষ বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহ পরিণতি থেকে বিশ্ব অর্থনীতিকে পুনরুদ্ধার করতে কয়েক বছর বা এমনকি কয়েক দশকও লাগতে পারে। করোনা মহামারির প্রভাব কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন সংকট দেখা দিয়েছে, যা পুরো বিশ্বকে ফের এক অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। খবর আরটির।

এক বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘এ ধরনের প্রেক্ষাপটে চীন-ইইউ উভয়ের উচিত নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যোগাযোগ বৃদ্ধি করা। পাশাপাশি অশান্ত বিশ্বে স্থিতিশীলতা ফেরাতে গঠনমূলক ভূমিকা পালন করা।’

প্রায় দুই বছর পর ইইউর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে চীন। বেইজিং মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের কাছ থেকে এমন আশ্বাস চেয়েছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। এ ছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা না করতে বেইজিংকে চাপে রাখার চেষ্টাও করেন তারা।

তবে কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে শি জিনপিং যুক্তি দিয়ে বলেন, ‘ইউক্রেনে কয়েক দশক ধরে উত্তেজনা তৈরি হয়েছে। আর এই সংকট সমাধানের জন্য এর সঙ্গে জড়িত সব পক্ষের নিরাপত্তা উদ্বেগের সমাধান করতে হবে।’

এ সময় রাশিয়ার বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞার সমালোচনা করে, মস্কো-কিয়েভ সংঘাতে উসকানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্রদের দোষারোপ করেছেন চীনা কর্মকর্তারা।