অর্থপাচারের মামলায় এবি ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোট

নিজস্ব প্রতিবেদক : অর্থপাচারের মামলায় এবি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও আবু হেনা মোস্তফা কামালের জামিন পাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী পদক্ষেপ নিয়েছে-তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী রোববার এ বিষয়ে লিখিতভাবে আদালতকে জানাতে দুদক আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেছেন, ১৬৫ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মামলা হওয়ার সাড়ে তিন ঘণ্টার মধ্যে রিমান্ডের আবেদন থাকা সত্বেও দুজন আসামিকে ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিয়েছেন। আরেক আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন।

আদালত বলেন, নথি পর্যালোচনায় দেখা যাচ্ছে জামিন ও রিমান্ডে পাঠানোর আদেশের মধ্যেই বৈপরিত্য রয়েছে। কারণ রিমান্ডে পাঠানোর আদেশে ম্যাজিস্ট্রেট বলেছেন যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের বিচার্য। আবার দুজনকে জামিন দেওয়ার ক্ষেত্রে অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এটা কীভাবে সম্ভব? ফৌজদারি বিচার ব্যবস্থায় এ ধরনের আদেশ কমই দেখতে পাওয়া যায়। এভাবে জামিন দেওয়া হলে জাতির কাছে কী বার্তা যাবে?

গত ২৫ জানুয়ারি ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করে দুদক। এ মামলায় এবি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও আবু হেনা মোস্তফা কামালকে জামিন দেন ম্যাজিস্ট্রেট আদালত। তবে ব্যবসায়ী সাইফুল হককে জামিন না দিয়ে রিমান্ডে পাঠায় একই আদালত। বিষয়টি নজরে আসায় গত ৩১ জানুয়ারি হাইকোর্ট ম্যাজিস্ট্রেট আদালতের জামিন আদেশ কেন বাতিল করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করে।

ওই রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশ্যে আদালত বলেন, এ ধরনের বিশেষ আইনের মামলায় ম্যাজিস্ট্রেট আদালত জামিন দিতে পারে কি-না? বিচার শুরুর পূর্বে যদি জামিনের প্রয়োজন হয় তাহলে আদালত জামিন দেবে? আমরা দেখতে পাচ্ছি প্রতিটি বিশেষ আইনের মামলার ক্ষেত্রেই এ ধরনের সমস্যার উদ্ভব হচ্ছে। আপনার মত কী? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অর্থপাচারের মামলায় ম্যাজিস্ট্রেট আদালতের জামিন দেওয়ার এখতিয়ার নেই। এটা স্পেশাল ট্রাইব্যুনালের বিচার্য বিষয়। যে ম্যাজিস্ট্রেট জামিনের আদেশ দিয়েছেন তার বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া দুদককে জামিন বাতিলের বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দিতে পারেন আদালত।

আদালত বলেন, দুদক আসামিদের জামিন বাতিলে কোনো পদক্ষেপ নেয়নি বলেই তো স্বত:প্রণোদিত হয়ে রুল জারি করতে হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের মামলায় দুদকের কোনো অবহেলা রয়েছে কি না-সেটাও দেখা দরকার। আদালত বলেন, সব বিষয় তো আমরা মেরামত করতে পারব না। মামলা হওয়ার তিন ঘণ্টার মধ্যে কীভাবে জামিন পাওয়া সম্ভব?

আসামিপক্ষের আইনজীবী আসাদুর রউফ বলেন, অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করেছে। দুদক আইনজীবী খুরশিদ আলম খানের উদ্দেশ্যে আদালত বলেন, জামিন আদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন? দুদক আইজীবী বলেন, যিনি এই মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন তার কাছে মতামত চেয়েছে কমিশন। এছাড়া আদেশের অনুলিপিও না পাওয়ায় ওই সময়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আদালত বলেন, এক বছরেও আপনারা অনুলিপি পাবেন না। দুদক আইনজীবী বলেন, আমরা সব সময় স্বচ্ছ (ট্রান্সপারেন্ট)। আদালত বলেন, সাংঘাতিক ট্রান্সপারেন্ট সেটাই দেখতে পাচ্ছি!