অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুণছেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন ও অর্জিত স্বর্ণ পদক বিক্রি

মাহবুব রহমান, গফরগাঁও, (ময়মনসিংহ)ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুণছেন ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিরখারুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন। চিকিৎসা আর অভাবের সংসার চালাতে বসত ভিটাও স্থানীয় কৃষি ব্যাংকের কাছে বন্ধক রেখেছেন। গ্রামের ছোট্ট একটি মাটির ঘরে স্ত্রী-কন্যাদের নিয়ে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন।
চিকিৎসা খরচ মেটাতে একাত্তরের রণাঙ্গনে বিশেষ অবদানের জন্য পাওয়া বীরত্বপূর্ণ স্বর্ণ পদকটি বিক্রি করে দিয়েছেন। অর্থাভাবে মেয়েদের পড়া লেখা ও বিয়ে দিতে পারছেন না।
জানা যায়, উপজেলার মহির খারুয়া গ্রামের মহিউদ্দিন ১৯৬৮ সালে ম্যাট্রিক পাস করে পাকিস্তানি নৌবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান নৌ বাহিনীতে সি কে টু পদে ২ বৎসর ৬ মাস চাকুরী করেন। এ সময়ের মধ্যে করাচী বিএনএস বাহাদুর ট্রেনিং সেন্টারে হয়ে উঠেন সাহসী এক নৌ কমান্ডো। স্বাধীনতার আন্দোলন শুরু হলে মাতৃভূমি রক্ষার জন্য অংশ নিতে দেশে ফিরে আসার জন্য মহিউদ্দিন সুযোগ খুজতে থাকেন। একদিন সুযোগ এসে যায় ২ মাসের ছুটির জন্য দরখাস্ত জমা দেন। বিশ্বস্ততার জন্য ছুটিও পেয়ে যান। চলে আসেন স্বদেশে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ নিতে ৩৫ জনের একটি দলের সাথে মহিউদ্দিন চলে যান ভারতের বিশাখা পত্তম নামক স্থানে (ভারতীয় নৌ বন্দর)। ভারতীয় নৌ বাহিনীর কমান্ডার তুছি মহিউদ্দিনের ইন্টারভিউ গ্রহণ করেন। মহিউদ্দিনের সাথে বাকী ৩৪ জনের মধ্যে ২৫জন ছিলেন নৌবাহিনী, সেনাবাহিনীর সদস্য। এ কারণে তাদের সবাইকে খুব তাড়াতড়ি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার নিন্দেশ দেওয়া হয়। মুক্তিযোদ্ধা মহিউদ্দিন ডাকাতিয়া, কচুয়া, বড়চুনা, সাগরদিঘিসহ মোট ২৫টি অপারেশনে সরাসরি অংশ গ্রহণ করেন। পরবর্তীতে নির্দেশ আসে যমুনা নদীতে ৪০/৬০ বাপার পাকিস্তানী গান বোট বিস্ফোরণে অংশ নিতে। জলে নামার দায়িত্ব পড়ে ক্যাপ্টেন ফজলুর রহমান এম ই -১ রবিউল (নৌ কমান্ডো) এবং সি কে টু মহিউদ্দিনের উপর। আনুমানিক রাত ২ টায় অপারেশন শুরু করেন যমুনা নদী বয়রাতলী বাজারের দিক থেকে। ৩ জন তীরে পাহারায় রেখে মহিউদ্দিন, ক্যাপ্টেন ফজলুর রহমান, রবিউলসহ জলে নেমে যান ৩ জন। মৃত্যু নিশ্চিত জেনেও তারা অগ্রসর হন গান বোটের দিকে। ২ ঘন্টা চেষ্টা চালানোর পর গান বোটের কাছে পৌছে যান। গান বোটে লাগিয়ে দেওয়া হয় ভয়ঙ্কর মাইন। জল থেকে উঠে আসেন অসম সাহসী ৩ মুক্তিযোদ্ধা। কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড গর্জনে বিস্ফোরিত হয় মাইনটি। স্বাধীনতার পর মহিউদ্দিনসহ ঐ তিন জনকে বিশেষ অবদানের জন্য কাদেরিয়া বাহিনী স্বর্ণ পদকে ভূষিত করা হয়। তিনি ১৯৭৩ সালে আবারো বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করেন। শারিরীক অসুস্থ্য তার জন্য ১৯৮০ সালে চাকুরী ছেড়ে চলে আসতে হয় মহিউদ্দিনকে। গফরগাঁও মহির খারুয়া গ্রামের ছোট্ট একটি মাটির ঘরে স্ত্রী মনোয়ারা ও মেয়েদের নিয়ে অসুস্থ অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় রয়েছেন। ৪ মেয়ের মধ্যে ২ মেয়ের বিয়ে দিলেও এক মেয়ে যৌতুক না দিতে পারায় বাবার বাড়ি ফিরে আসে। কলেজ পড়ুয়া ২ মেয়ের মধ্যে ১ মেয়েকে গার্মেন্টস-এ চাকুরীতে দিয়েছেন। ছোট মেয়ে এসএসসি পাশ করার পর অর্থের অভাবে লেখা-পড়া বন্ধ করে দিতে হচ্ছে। ২০ হাজার টাকা ঋণ নেওয়ার কারণে বসত ভিটাও কৃষি ব্যাংকের কাছে দায়বদ্ধ রয়েছে। ৬ বছর আগে ব্রেনস্ট্রোক হয়ে শরীরের ডান পাশ অবস হয়ে আছে। এ অবস্থায় সরকারি ভাতার টাকায় চিকিৎসা ও সংসারের খরচ যোগাতে না পেরে অর্ধাহারে দিন কাটছে মহিউদ্দিনের। স্ত্রী মনোয়ারা বেগম বলেন, অর্থাভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। সরকারি ভাতায় কোন মতে খেয়ে পড়ে বেঁচে আছি।মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বিছানায় শুয়ে ভাঙা ভাঙা গলায় করুন ভাববে বলেন, স্বাধীনতার পর ৪৩ বছরে বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে স্ত্রী সন্তান সহ খেয়ে পরে আমি নিজে বেঁচে আছি। গোল্ড মেডেলটি বিক্রি করে দিয়েছি আর আমার কিছুই নেই। আমি শূণ্য হাতে চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর প্রহর গুনে চলেছি। সামান্য ভাতায় অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা এতটুকু মেটাতে পারছিনা। তারপরও স্যালুট জানাই প্রিয় মাতৃভূমিকে