অর্পিত সম্পত্তি আইনের একটি ধারা নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক : অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ এর ১৪(১) ধারা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকা অবস্থায় মামলার বিষয়বস্তু তৃতীয় পক্ষের নিকট ইজারা দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির ও মোহাম্মদ শাফায়েত জামিল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রিমা।

ভূমিসচিব, আইনসচিব, সাতক্ষীরার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সাতজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ এর ১৪(১) ধারা চ্যালেঞ্জ করে সাতক্ষীরার শ্যামনগর থানার বজ্রস্বরণ হাইকোর্টে রিট করেন।

পরে আইনজীবী মো. হুমায়ন কবির জানান, বজ্রস্বরণের প্রায় পাঁচ একর জমি ভুলবশত অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকাভুক্ত হয়। যার প্রতিকার চেয়ে বজ্রস্বরণ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল সাতক্ষীরায় মামলা করেন, যা এখনো বিচারাধীন।

কিন্তু অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ এর ১৪(১) ধারার ক্ষমতাবলে সাতক্ষীরার জেলা প্রশাসক উক্ত সম্পত্তি তৃতীয় পক্ষের নিকট ইজারা দেওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বজ্রস্বরণ। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত উপরি উক্ত আদেশ দেন।

প্রসঙ্গত, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ এর ১৪(১) ধারায় বলা হয়েছে, ‘অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকবে এবং তিনি প্রচলিত আইন অনুযায়ী উহা ইজারা প্রদান করবেন।’