অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা

নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিম পেইন দায়িত্ব ছাড়ার পর প্যাট কামিন্স পেয়েছেন নেতৃত্বভার, স্টিভ স্মিথ পালন করবেন সহ-অধিনায়কের ভূমিকা।

যৌন কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ার পর টিম পেইনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় অস্ট্রেলিয়া। এরপরই আলোচনায় আসে কে হতে পারেন দলটির নতুন অধিনায়ক। এবার সব আলোচনার সুরাহা হলো।

শুক্রবার (২৬ নভেম্বর) নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আসন্ন অ্যাশেজ সিরিজ থেকেই দলকে নেতৃত্ব দেবেন তারা। কামিন্স তাদের ৪৭তম টেস্ট অধিনায়ক। রিচি বেনাদের পর কামিন্স দ্বিতীয় বোলার হিসেবে অজিদের দায়িত্ব কাঁধে নিয়েছেন। টিম পেইনের সময়ে দলের সহ-অধিনায়ক ছিলেন কামিন্স।

অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, আমি এই সম্মানে সম্মানিত হয়ে গর্ব বোধ করছি। সামনেই অ্যাশেজের মতো মর্যাদাবান সিরিজ আছে। আশা করি টিম পেইন দলকে যেমন ভালো মুহূর্ত উপহার দিয়েছে আমিও তেমন কিছু করতে পারব।

যৌন কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব হারিয়েছেন টিম পেইন। ২০১৭ সালে টেস্ট দলে ডাক পেয়েছিলেন টিম পেইন। এর মাসখানেক আগে তাসমানিয়া ক্রিকেটের এক নারী কর্মীকে আপত্তিকর মেসেজ পাঠান তিনি। পাশাপাশি সেই নারীকর্মীকে উত্তেজক কিছু মেসেজ দিয়ে যৌনকর্মের আহ্বান জানান অস্ট্রেলিয়ার সদ্য সাবেক অধিনায়ক।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের জুনে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট তাসমানিয়ায় অভিযোগ করেন সেই নারী। তবে তখন করা তদন্তে পার পেয়ে যান পেইন। সেই বছরের জুনে এটি অভিযোগ করা হলেও মার্চ থেকেই এ বিষয়ে ধারণা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। প্রায় সাড়ে তিন বছর পরে বিষয়টি জানাজানি হয়ে যাচ্ছে দেখে পদত্যাগ করেন অজি তারকা।

টিম পেইনের পর আলোচনায় ছিলেন তার এক নিকটাত্মীয়। পেইনের মতোই এক নারী সহকর্মীকে যৌন উত্তেজক মেসেজ পাঠিয়ে ক্রিকেট তাসমানিয়ার চাকরি খুইয়েছেন পেইনের দুলাভাই শ্যানন টাব।