‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাটে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এ লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া সেলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে লঞ্চটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও বাংলাদেশ কোস্টগার্ড চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো কোথাও কোথাও ধোঁয়া বের হচ্ছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো সঠিক কারণ জানা যায়নি। তবে, আমরা ধারণা করছি লঞ্চের ইঞ্জিন বা ভিআইপি কেভিন থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে।

সূত্র জানায়, সকালে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চঘাটে যাত্রী নামানোর পরে ৫ নম্বর পন্টুনে রাখা হয়। কেবিন বয়, কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এসময় হঠাৎ লঞ্চের পেছনের দিকের কেবিন থেকে আগুন ছড়িয়ে পড়ে।