নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।
শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী পন্থী আইনজীবীদের পরাজয়ের দায় কাঁধে নিয়ে তিনি পদত্যাগ করেছেন। সাংগঠনিকভাবে মনোনীত প্রার্থীরা জয়যুক্ত না হওয়ায় ব্যর্থতার দায় নিজের মনে করে সংগঠনের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন ফজলে নূর তাপস।
তবে রোববার দুপুরে উচ্চ আদালত প্রাঙ্গনে আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী সমর্থক সাদা প্যানেলের পরাজিত সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এস কে মো. মোরশেদের নেতৃত্বে শতাধিক তরুণ আইনজীবী ব্যারিস্টার তাপসের সঙ্গে দেখা করেন।
এ সময় এস কে মো. মোরশেদ ব্যারিস্টার তাপসকে অনুরোধ করে বলেন, আপনি পদত্যাগ করবেন না। আপনি আমাদের অভিভাবক। পদত্যাগপত্র প্রত্যাহার করুন। আমরা আপনার নেতৃত্ব থেকে বঞ্চিত হতে চাই না। আপনার নেতৃত্বে আমরা প্রয়োজনে শূন্য থেকে কাজ শুরু করব। এ সময় ব্যারিস্টার ফজলে নূর তাপস কোন কথা না বলে নিরব ছিলেন।
প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে মাত্র ৪টি পদে জয়লাভ করেন।


