আইনমন্ত্রী সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক হবে আজ

নিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট চূড়ান্ত করতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বৈঠক হবে আজ বৃহস্পতিবার। বিকেল ৩টার পর সুপ্রিম কোর্টে এই বৈঠক শুরু হবে।

এর আগে গত ১৭ জুলাই প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, বৃহস্পতিবারে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট চূড়ান্ত হবে। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।