নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন একটি চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না। চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করব।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সিইসি হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, আমি আশাবাদী সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারব। সব কমিশনারের সঙ্গে আলোচনা করে আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে।
সবার সহযোগিতা ও দোয়া চেয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, সব রাজনৈতিক দলের অংশীদারিত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা থাকবে আমাদের।
এর আগে এদিন বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং অপর চার নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রথমে শপথ নেন কাজী হাবিবুল আউয়াল। এরপর কমিশনার হিসেবে পর্যায়ক্রমে শপথ নেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা।


