নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অষ্টম অংশীদারি সংলাপ (পার্টনারশিপ ডায়ালগ) আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হচ্ছে। দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ এই অংশীদারি সংলাপে দ্বি-পক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের তরফে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানানো হতে পারে।
এ সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। ভিক্টোরিয়া নুল্যান্ড শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ এসেছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
এবারের পার্টনারশিপ ডায়ালগে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রী ড একে আবদুল মোমেন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইন্দো প্যাসিফিক ইস্যু, সামরিক চুক্তিতে বাংলাদেশকে সম্মত করাসহ অন্যান্য ইসু গুরুত্ব পাবে। এছাড়া বাণিজ্য, নিরাপত্তা, মানবাধিকার, সুশাসন ও রোহিঙ্গাসহ নানা বিষয় এবারের পার্টনারশিপ ডায়ালগে স্থান পাবে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। সংলাপে অংশ নেওয়া ছাড়াও সুশীল সমাজসহ বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করবেন মার্কিন আন্ডার সেক্রেটারি। ২১ তারিখ ঢাকা ছেড়ে যাবেন নুল্যান্ড।


