আজ কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পুরো নাম ফরিদা আক্তার পপি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে এই অভিনেত্রী আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনেও প্রশংসিত হন। ববিতা ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরপর তিন বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়ে গড়েছেন রেকর্ড। এছাড়া ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান। সর্বশেষ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন।

৩০ জুলাই বাঘেরহাটে জন্মগ্রহণ করেন ববিতা। বর্তমানে কানাডায় অবস্থান করছেন এই অভিনেত্রী। একমাত্র ছেলের অনুরোধে কানাডার টরেন্টো শহরে জন্মদিন পালন করছেন বলে জানা যায়। এর আগে পরপর দুই বছর ঢাকাতেই জন্মদিন কাটিয়েছেন এই কিংবদন্তি।

ববিতা বলেছিলেন ‘আমার কাছে জন্মদিনের ব্যাখ্যা ভিন্ন। জন্মদিনে সবাই উইশ করে, আনন্দ করে। কিন্তু আমার কাছে মনে হয় আমার জন্য পৃথিবীতে যে সময় বরাদ্দ করা আছে তার থেকে একটি বছর কমে যাচ্ছে। এজন্য আমি সবার কাছে ঠাট্টা করেই বলি, বার্থডেতে খুশি হবার কি আছে? বরং আমার জীবন থেকে একটি বছর কমে গেল!’

জন্মদিন নিয়ে মজার কোনো স্মৃতি কথা জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘‘চলচ্চিত্রে আমি তখন পপুলার। ‘টাকা আনা পাই’, ‘শেষ পর্যন্ত’ সিনেমাগুলো খুব চলছিল। এই সময় তখনকার পূর্বাণী হোটেলে আমি ঘটা করে জন্মদিন পালন করেছিলাম। তখন আমি গেন্ডারিয়া থাকতাম। বাসায় এত মানুষকে ইনভাইট করা কঠিন ছিল। তাই হোটেলে অনুষ্ঠান করতে হয়েছে। সেখানে চলচ্চিত্রশিল্পী, কলাকুশলী, সংবাদমাধ্যমের লোকজন সবাই এসেছিলেন। খুব নাচ-গান হয়েছিল। সেদিন আমি ও জাফর ইকবাল নেচেছিলাম। তখন তো জাফর ইকবাল-ববিতা সুপার হিট! অনুষ্ঠান শেষে আমরা সবাই বসে উপহারগুলো খুলে দেখছিলাম। তখন আমার ‘রাতের পর দিন’ সিনেমাটি সুপার হিট। সিনেমায় আমার আর সাইফুদ্দিন ভাইয়ের একটা গান ছিল। সেখানে তিনি নানা আর আমি নাতনি। দৃশ্যটিতে আমরা ডাব কেটে মানুষজনকে খাওয়াই আর গান করি। গানের কথাগুলো- কঁচি ডাবের পানি দু আনাতে খেয়ে নাও। তো জন্মদিনে একটি উপহার বাক্স খুলে দেখি দুটো কঁচি ডাব! এ নিয়ে বন্ধুবান্ধব সবাই খুব হাসাহাসি করেছিল।’’

সবশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। এরপর নতুন কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। বেশিরভাগ সময় কানাডাতেই বসবাস করেন ববিতা।