আজ ব্রিটিশ নতুন রাজা চার্লসের প্রথম ভাষণ

নতুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাজা হিসেবে এটা হবে তাঁর প্রথম ভাষণ। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে চার্লস স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হন। খবর রয়টার্স ও এএফপির।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার কিছু আগে ঘোষণা করা হয় যে, স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে এদিন দুপুরে ৯৬ বছর বয়সি রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ৭০ বছর রাজকার্য পরিচালনা করে অনন্য ইতিহাস গড়েন।

চার্লস এখন স্কটল্যান্ডের বালমোরাল থেকে লন্ডনে ফিরবেন। তাঁর ভাষণটি রেকর্ড করে প্রচার করা হবে। চার্লসের ভাষণে কী কী থাকছে, তার বিশদ বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি রাজপ্রাসাদ।