নিজস্ব প্রতিবেদক :রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে আটক নব্য জেএমবির ছয় সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে বোতল ওরফে মাসরুর (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদী হাসান ঈমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও শামসুদ্দীন আল আমিন ওরফে আবু আহমদ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পুলিশ পরিদর্শক মুহাম্মদ মনিরুল ইসলাম আসামিদের সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, প্রকৃত রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
এর আগে সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘এদের মধ্যে আদনান নিউমার্কেট এলাকার একটা মসজিদে তারাবির নামাজ পড়াতেন। সেই সুযোগে তারা ১০/১১ জন সদস্য ওই মসজিদে বসে বৈঠক করতেন। উগ্রবাদবিরোধী আলেম ওলামাদের হত্যার পরিকল্পনার অংশ হিসেবে একজন বিশিষ্ট ওলামার বাড়ি ইতোমধ্যে রেকি করেছিলেন জাহিদুল ও আবু বকর।
জাহিদুল নব্য জেএমবির এই গ্রুপটির সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন বলে জানান মনিরুল ইসলাম।
‘এই রমজান মাসে বিশ্বব্যাপী মুরতাদদের হত্যার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠন। হলি আর্টিজানের বর্ষপূর্তি এবং রমজানে সহিংসতার আন্তর্জাতিক আহ্বানে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিল’ বলেন মনিরুল ইসলাম।
তিনি বলেন, আটককৃতরা জনৈক আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই এবং জনৈক আর্চারের নির্দেশনা অনুযায়ী তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আর তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা ওরফে আবু সহযোগিতা করছে।
আবু জান্দালের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন সময়ে গ্রেপ্তারদের কাছ থেকে নথিপত্র উদ্ধার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নব্য জেএমবির বর্তমানে পাঁচজন শুরা সদস্য রয়েছে। আবু জান্দাল এ পাঁচজনের পরের সারির একজন।
প্রসঙ্গত, রোববার দিবাগত রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে নব্য জেএমবির ছয় সদস্যকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।


