আদালত বর্জনের কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থী আইনজীবীরাঃ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদকঃ খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে করা আপিলে সাজা বেড়ে ১০ বছর হওয়ার প্রতিবাদে আদালত বর্জনের কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সুপ্রিম কোর্ট ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে তারা অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।

অন্যদিকে সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হতে দেখা গেছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রমও নির্ধারিত সময়ে শুরু হয়েছে।

আদালত বর্জন কর্মসূচিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতির কক্ষের সামনে গেইটে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় ‘বর্জন চলছে চলবে’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে বর্জন চলছে চলবে’ ইত্যাদি শ্লোগান দিচ্ছেন তারা।

গতকাল মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় ঘোষণার পর দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ বর্জনের ঘোষণা দেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় এক রায়ে হাইকোর্ট বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড বাড়িয়ে ১০ বছর করেন। এ ছাড়া ৫ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়া এবং ১০ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের আপিল খারিজ করেন আদালত।