নিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সের সিলগালাকৃত গুলশান এভিনিউ শাখায় অভিযান পরিচালনা করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।
এর আগে গতকাল আপন জুয়েলার্সের ৪ শাখায় অভিযান চালিয়ে মোট ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার ও ৬১ গ্রাম ডায়মন্ড জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮৫ কোটি ৩৮ লাখ টাকা। অলঙ্কারগুলো প্রতিষ্ঠাগুলোর জিম্মায় রাখা হলেও জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে গড়মিল পাওয়া গেছে। কাগজপত্র যাচাই করা হচ্ছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান জানান, গতকাল দোকানটি বন্ধ পাওয়ায় আমাদের টিম সিলগালা করে রেখেছিল। আজ শাখাটির কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত পরে জানানো হবে।
তদন্তের স্বার্থে এরই মধ্যে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও গ্রেপ্তারকৃত ছেলে সাফাতসহ চার মালিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাদের আগামী ১৭ মে শুল্ক গোয়েন্দা সদর দপ্তরে হাজির হতে বলা হয়েছে।
গতকালের অভিযানে আপন জুয়েলার্স মৌচাক মার্কেট শাখায় ৫৩ কেজি ৫১৮.০২ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার ও ১৭.৩৫ গ্রাম ডায়মন্ড, সীমান্ত স্কোয়ার শাখায় ৮১ কেজি ৬৮৮.৬ গ্রাম স্বর্ণালঙ্কার ও ৩৩.৪৪ গ্রাম ডায়মন্ড, উত্তরা শাখায় ৮২ কেজি স্বর্ণালঙ্কার ও ৯.৭ গ্রাম ডায়মন্ড এবং ডিসিসি মার্কেট শাখায় ৬৮ কেজি ৪৬২.৩০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। অর্থ্যাৎ মোট ২৮৬ কেজি স্বর্ণালংকার ও ৬১ গ্রাম ডায়মন্ড পাওয়া গেছে।
গত ২৮ মার্চ দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও তার বন্ধুরা। ৬ মে রাতে ভুক্তভোগীদের একজন বনানী থানায় মামলা করেন। সাফাত ছাড়া ওই মামলার আসামিরা হলেন- নাঈম আশরাফ (৩০), সাদমান সাকিফ (২৭), সাফাতের গাড়িচালক বিল্লাল (২৬) ও অজ্ঞাতনামা দেহরক্ষী। এদের মধ্যে সাফাত ও সাদমান সাকিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।


