আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর জেরে রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে পড়ে আটজন নিহত এবং এক শিশু আহত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, শুক্রবার (৩ এপ্রিল) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয় এবং এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, অক্ষাংশ ৩৬.৪৮ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭০.৮৪ ডিগ্রি পূর্বে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে, ভূমিকম্পের তীব্র কম্পন পাকিস্তানের ইসলামাবাদ, আফগানিস্তানের কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়।

ভূ-কম্পনটি পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুরি, ট্যাক্সিলা, পেশাওয়ার, ফয়সালাবাদ ও মুলতানসহ বিভিন্ন শহরের বাসিন্দারা কম্পন অনুভব করেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: জিও নিউজ