আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের দাড়ি রাখার নির্দেশ

আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাকে দাড়ি রাখার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এই পোশাকবিধি না মানলে চাকরি থেকে বরখাস্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন তারা। তিনটির সূত্রের বরাত বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

সম্প্রতি আফগানিস্তানের প্রশাসন কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সূত্র বলছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সোমবার সরকারি অফিসগুলোর প্রবেশপথে টহল দিয়েছে। কেউ নতুন অনুশাসন অমান্য করছে কিনা, তা পর্যবেক্ষণ করেছেন তারা।

তালেবানশাসিত আফগানিস্তানে দাড়ি কামাতে কর্মকর্তাদের নিষেধ করা হয়েছে। এছাড়া দীর্ঘ ঢিলেঢালা জামা ও পায়জামা পরতে বলা হয়েছে। আর মাথায় পাগড়ি কিংবা টুপি পরতেও নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াক্ত অনুসারে জামায়াতে নামাজ পড়া নিশ্চিত করতে বলা হয়েছে কর্মকর্তাদের। পোশাকবিধি অনুসরণ না করলে তাদের অফিসে ঢুকতে দেওয়া হবে না, বরখাস্ত করারও হুমকি দেওয়া হয়েছে।