কোট প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রোববারের কার্যতালিকায় বিষয়টি ১৩৯ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন ও খালাস চেয়ে করা সাঈদীর রিভিউ আবেদন পুনর্গঠিত বেঞ্চে ফের রোববারের কার্যতালিকায় এসেছে।
২০১৪ সালে দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার আপিল শুনানি অনুষ্ঠিত হয় প্রাক্তন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চে। বিচারপতি আবদুল ওয়াহাব মিঞা সেই বেঞ্চের সদস্য ছিলেন। যারা অপর সদস্য ছিলেন তারা হলেন- বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বর্তমানে অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির পুনর্গঠিত আপিল বেঞ্চে সাঈদীর রিভিউ শুনানির জন্য জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞাকে রাখা হয়েছে।
অন্য ৩ বিচারপতি হলেন-বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার।
এর আগে গত ৬ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ সাঈদীর রিভিউ শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করে রেখেছেন। এরই মধ্যে রোববারের কার্যতালিকায় সাঈদীর রিভিউয়ের বিষয়টি রাখা হয়েছে।
পুনর্গঠিত বেঞ্চে পূর্বের চার বিচারপতির সঙ্গে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহাব মিঞাকে যুক্ত করা হয়েছে।
গত বছরের ১৭ জানুয়ারি আপিলের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দায়ের করেন সাঈদী।
মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেতে ১৬টি যুক্তি দেখানো হয়েছে।
গত বছরের ১২ জানুয়ারি সাঈদীর অমৃত্যুকারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের ৩০ পৃষ্ঠার মূল আবেদনে ৫টি গ্রাউন্ড দেখানো হয়।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


