আবারো একসাথে আল্লু-সামান্থা?

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আল্লু অর্জুন ও সামান্থা রুথ প্রভু। পৃথকভাবে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। কাজের স্বীকৃতিস্বরুপ সম্মাননাও পেয়েছেন। বাংলাদেশেও রয়েছে তাদের দর্শকপ্রিয়তা। ২০১৫ সালে তেলেগু ভাষার ‘সন অব সত্যমূর্তী’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন আল্লু অর্জুন ও সামান্থা। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় আবারো জুটি বাঁধতে চলেছেন এই দুই অভিনয়শিল্পী। এটি পরিচালনা করবেন বিক্রম কুমার। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রম কুমারের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন আল্লু-সামান্থা। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে সামান্থাকে। সিনেমাটিতে আরো একটি নারী চরিত্র রয়েছে। তবে এ চরিত্রের জন্য এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘সামান্থা সিনেমাটির চিত্রনাট্য পড়ে পছন্দ করেছেন। খুব শিগগির তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হবেন। তা ছাড়া সিনেমাটির দ্বিতীয় কেন্দ্রীয় নারী চরিত্রের খোঁজ করছেন পরিচালক।’ বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। তবে এখনো পরিচালক কিংবা আল্লু-সামান্থা কেউ-ই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। খুব শিগগির এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘না পেরু সুরিয়া, না ইল্লু ইন্ডিয়া’। অন্যদিকে সামান্থা তামিল ভাষার ‘সীমা রাজা’, তামিল, তেলেগু ভাষার ‘ইউ টার্ন’ ও ‘সুপার ডিলাক্স’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।