নিজস্ব প্রতিবেদকঃ কোনো দোষ না করে আমার স্বামীকে কেন মরতে হলো? সে তো রাজনীতি করত না, জীবিকা নির্বাহের জন্য কাঁচামালের ব্যবসা করত। দোকানের ভিতরে পুলিশ গুলি করে নির্মমভাবে অকালে স্বামীটাকে হত্যা করল। এহন আমার তিন বছরের ছোট মেয়ে ও অনাগত সন্তানের ভবিষ্যৎ কী অইবো? স্বামীহারা যন্ত্রণা কার কাছে কইয়াম।
চোখ মুছতে মুছতে বুকে চাপা কষ্ট নিয়ে এসব কথা বলছিলেন পুলিশের গুলিতে নিহত ব্যবসায়ী হুমায়ুন কবীরের (২৪) অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা খাতুন।
এর আগে গত ২০ জুলাই বিকালে গাজীপুর সাইনবোর্ড ভুষির মেইল মেম্বার বাড়ি রোডে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে সময় পুলিশ হুমায়ুন কবীরকে তার বড় ভাইয়ের দোকানের ভিতরে গুলি করে। পরে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাতেই মৃত্যু হয়।
নিহত হুমায়ুন কবীর নান্দাইল সদর ইউনিয়নের সাভার পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র। তিনি গাজীপুর সাইনবোর্ড ভুষির মেইল এলাকায় কাঁচামালের ব্যবসা করত। সেখানেই স্ত্রী ও শিশু কন্যা নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকত।
পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন কবীরসহ ৪ ভাই গাজীপুর সাইনবোর্ড ভুষির মেইল এলাকায় কাঁচামালের ব্যবসা করত। গত ২০ জুলাই হুমায়ুন কবীর দুপুরের খাবার খেয়ে দোকানে অন্য ভাইদের জন্য ভাত নিয়ে যান। সেই সময় হুমায়ুন কবীরের দোকানে ভ্যানচালক পানের বস্তা নিয়ে আসে। পরে পানের বস্তা দোকানে ঢুকিয়ে দোকান বন্ধ করেন হুমায়ূন। এ সময় দোকানের সামনে ভ্যানচালক গুলিবিদ্ধ হয়ে দোকানের সামনে লুটিয়ে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। হুমায়ুন ভ্যানচালককে উদ্ধার করে দোকানে ঢুকিয়ে ভেতর থেকে সাঁটার লাগিয়ে দেন।
কিছুক্ষণ পর পুলিশ বাইরে থেকে সাঁটার খুলে ভেতরে অবস্থানরত দোকান কর্মচারীদের লক্ষ্য করে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে সেখানে হুমায়ুন কবীর পেটে ও শরীরের নিম্নাংশে ও হাসেম নামে কর্মচারী পায়ে গুলিবিদ্ধ হন। রাকিব নামে আরেক কর্মচারী পুলিশের লাঠিপেটার শিকার হন।
২১ জুলাই বেলা ১১টার দিকে নান্দাইলের সাভার পূর্বপাড়া গ্রামে হুমায়ুন কবীরের মরদেহ দাফন করা হয়।
নিহত হুমায়ূন কবীরের বড় ভাই হযরত আলী জানান, হুমায়ুন কবীর গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আমাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতি করেও কেন ভাইকে মরতে হলো?
হুমায়ূন কবীরের মা ফরিদা খাতুন বলেন, পুত তো ছাত্র না, সে তো কাঁচামালের ব্যবসা করত। তবুও পুলিশ দোকানের ভিতরে গিয়ে গুলি করছে। সন্তান হারানোর যন্ত্রণার এই কথা আমি কারে কইয়াম। কার কাছে বিচার চাইয়াম।
নিহত হুমায়ূন কবীরের বাবা হাবিবুর রহমান বলেন, আমার ছেলে তো সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়নি। তাহলে কেন আমার ছেলেডারে পুলিশ দোকানের ভিতরে গিয়ে গুলি করল? বিচার আল্লাহর কাছে দিলাম।


