আমি সব ধরনের ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি: আগুয়েরো

আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা সার্জিও আগুয়েরো সব ধরনের ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। মাত্র ৩৩ বছর বয়সেই থেমে গেলেন মেসির এই সতীর্থ। বেশ কয়েকদিন আগেই জানানো হয়েছিল আজ বিদায় বলবেন।

বুধবার (১৫ ডিসেম্বর) ক্যাম্প ন্যুয়ে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।

ছলছল চোখে বিদায়ের ঘোষণা দিতে এসে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। দুই চোখ বেয়ে ঝড়েছে অশ্রু। আগুয়েরো বলেন, ‘আমি সব ধরনের ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

মেসির সঙ্গে খেলার ইচ্ছায় বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন আগুয়েরো। তবে ইচ্ছে তো পূরণ হয়নিই, উল্টো এই বার্সাতেই নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে হলো তাকে। তার হার্টের সমস্যা জটিল আকার ধারণ করায় শেষ পর্যন্ত বিদায় না বলে পারলেন না।

বিদায়বেলায় আগুয়েরোর কথাতেও উঠে এলো সে কথা। তিনি বলেন, ‘প্রথম ব্যাপার হচ্ছে আমার স্বাস্থ্য। আপনারা জানেন এক মাস আগে আমার হার্টে সমস্যা হয়েছিল। ভালো কিছু ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছি। তারা আমাকে বলেছে সবচেয়ে ভালো হয় যদি খেলা বন্ধ করে দেই। আমি এক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিয়েছি।’

লা লিগায় আলাভেসের বিপেক্ষ ম্যাচটাই যে ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে, তা হয়তো কখনো কল্পনাও করেননি সার্জিও অ্যাগুয়েরো। ওই ম্যাচেই বুকে তীব্র যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়া হয় তাকে। পরবর্তীতে হৃদযন্ত্রের পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক কমপক্ষে তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দেন তাকে। ফলে মাঠ থেকে দীর্ঘদিনের জন্য ছিটকে যান আগুয়েরো। এরপরেই তার অবসরের গুঞ্জন ওঠে গণমাধ্যমজুড়ে। এবার সেই গুঞ্জনটাই সত্যি হলো।