আলিয়াকে এড়িয়ে চলছেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। কয়েকদিন আগেও অভিনেত্রী আলিয়া ভাট ও তার প্রেম নিয়ে বলিপাড়ায় নিয়মিত চর্চা হতো। যদিও গুঞ্জন উঠেছে, বর্তমানে রণবীর কাপুরের প্রেমে মজেছেন ভাট কন্যা।

এদিকে রণবীরের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর থেকেই নাকি সিদ্ধার্থ ও আলিয়ার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। আলিয়াকে এড়িয়ে চলছেন সিদ্ধার্থ। শুধু তাই নয়, সম্প্রতি একটি পার্টিতে মুখোমুখি হয়েছেন তারা। কিন্তু আলিয়া তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার চেষ্টা করলেও এ অভিনেত্রীকে এড়িয়ে যান সিদ্ধার্থ। এমনকি আলিয়ার মেসেজের জবাবও নাকি দিচ্ছেন না তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আইয়ারি। এ অভিনেতার পরবর্তী সিনেমা শটগান শাদি। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি। পাশাপাশি বিক্রম বাত্রার বায়োপিকে দেখা যাবে তাকে। এছাড়া পরিণীতি চোপড়ার সঙ্গে বালাজি ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে সিদ্ধার্থকে।

অন্যদিকে বর্তমানে বুলগেরিয়ায় ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন আলিয়া ভাট। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। রণবীর-আলিয়া ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন-অমিতাভ বচ্চন, নাগার্জুনা, ডিম্পল কাপাডিয়া, মৌরি রয় প্রমুখ। আগামী বছর ১৫ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।