নিজস্ব প্রতিবেদক : যেসব আলেমরা জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন আলেমকে হত্যার পরিকল্পনা করেছিল নব্য জেএমবির একটি গ্রুপ। এজন্য দুই সদস্য সম্প্রতি ওই আলেমের বাড়ি রেকি করে আসে।
এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের আহ্বানে রমজানে মুরতাদদের হত্যা করতে বিভিন্ন নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে নব্য জেএমবির ছয় সদস্যকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আটককৃতরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে বোতল ওরফে মাসরুর (২৩), আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ (১৯), মোহাম্মদুল্লাহ আদনান (১৯), মেহেদী হাসান ঈমন ওরফে আবু হামজা (২১), খালিদ সাইফুল্লাহ ওরফে আবু মুসাব (১৯) ও শামসুদ্দীন আল আমিন ওরফে আবু আহমদ।
আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মনিরুল ইসলাম বলেন, ‘তদের মধ্যে আদনান নিউমার্কেট এলাকার একটা মসজিদে তারাবির নামাজ পড়াতেন। সেই সুযোগে তারা ১০/১১ জন সদস্য ওই মসজিদে বসে বৈঠক করতেন। উগ্রবাদবিরোধী আলেম ওলামাদের হত্যার পরিকল্পনার অংশ হিসেবে একজন বিশিষ্ট ওলামার বাড়ি ইতোমধ্যে রেকি করেছিলেন জাহিদুল ও আবু বকর।
জাহিদুল নব্য জেএমবির এই গ্রুপটির সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন বলে জানান মনিরুল ইসলাম।
‘এই রমজান মাসে বিশ্বব্যাপী মুরতাদদের হত্যার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠন। হলি আর্টিজানের বর্ষপূর্তি এবং রমজানে সহিংসতার আন্তর্জাতিক আহ্বানে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন নাশকতার পরিকল্পন করছিল’ বলেন মনিরুল ইসলাম।
তিনি বলেন, আটককৃতরা জনৈক আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই এবং জনৈক আর্চারের নির্দেশনা অনুযায়ী তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আর তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে সাদী ওরফে আবু জান্দাল ওরফে আবু দারদা ওরফে আবু সহযোগিতা করছে।
আবু জান্দালের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন সময়ে গ্রেপ্তারদের কাছ থেকে নথিপত্র উদ্ধার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জনতে পারি নব্য জেএমবির বর্তমানে পাঁচজন সূরা সদস্য রয়েছে। আবু জান্দাল এ পাঁচজনের পরের সারির একজন।


