আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় আলোর প্রদীপ যুব সংগঠনের কার্যালয়ে চিহ্নিত সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংগঠন কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ আগস্ট সকাল ১০ টায় আলোর প্রদীপ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার স্থানীয় সর্বস্তরের প্রায় তিনশতাধিক জনসাধারণ অংশ নেয়। তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় মোঃ আব্দুস ছোবাহান সরকার বলেন “কেন এই সংগঠন কার্যালয়ে হামলা হবে? এটি তো কোন রাজনৈতিক সংগঠন না এটি একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। আলোর প্রদীপ সুখে দুখে আমাদের এলাকার দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তা করেছে। আমরা এলাকাবাসী এই প্রতিষ্ঠানের নিকট চির কৃতজ্ঞ। এটি আমাদের প্রতিষ্ঠান, এলাকার হতদরিদ্র মানুষের প্রতিষ্ঠান। এমন একটি সেবামুলক প্রতিষ্ঠানে হামলা আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যেন এই হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি প্রদান করা হয়। এই প্রতিষ্ঠান সংস্কার করতে আমরা এলাকাবসী সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি”।
মোছাঃ সীমা বেগম বলেন “আমরা এই প্রতিষ্ঠান থেকে অনেক সেবা সহায়তা পেয়েছি। আমাদের ইদের বাজার, কারো অসুখ হলে তাঁকে সহায়তা, ছাত্রছাত্রীদের খাতা কলম ডিম এগুলো দিয়েছে তারা। কে এই সন্ত্রাসী তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে আমি উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি”।
এছাড়াও মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা আব্দুল হালিম (বুলু), মো আসাদুজ্জামান সরকার (কিনে), মো ফারাজুল ইসলাম, মোছা নাজমুনন্নাহার বেগম, মোছা ফাতেমা খাতুন, মোছা বেদেনা বেগমসহ স্থানীদের অনেকেই। তাদের একটাই দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।
উল্লেখ্য গত ৫ আগস্ট ২০২৪ তারিখে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে একদল সশস্ত্র দূর্বৃত্ত সংগঠিত হয়ে সোনাতলা উপজেলার কাবিলপুরে অবস্থিত কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট করে। এতে সংগঠন অফিসে থাকা আলমিরায় সদস্যদের সঞ্চয়ের নগদ ২০ হাজার টাকা, হস্তশিল্প প্রকল্পের জন্য আনা প্রায় ৭০ হাজার টাকার কাচামাল ও উপকরণ সহ গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাসপত্র লুটপাট করে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে দূর্বত্তরা।


