নিজস্ব প্রতিবেদক: গত ২৫/১২/২০২৫ ইং তারিখে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি’র বার্তা বিভাগে রাষ্ট্রীয় ডাকযোগে একটি লিখিত অভিযোগপত্র আসে। অভিযোগে উল্লেখ করা হয়, আশুলিয়া এলাকার গাজীরচট এলাকায় বসবাসকারী আলফাজ উদ্দিন স্বল্প সময়ে কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।
অভিযোগের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধানে গিয়ে জানা যায়, আলফাজ উদ্দিনের একটি টিনসেট বাড়ি রয়েছে এবং পাশাপাশি একটি মার্কেট নির্মাণাধীন অবস্থায় আছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তার বসতবাড়িটি প্রায় তিন শতক জমির ওপর নির্মিত এবং নির্মাণাধীন মার্কেটটি সাড়ে তিন শতক জমির ওপর অবস্থিত।
এ বিষয়ে আলফাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বাড়ি ও মার্কেটের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, তার চাকরির বয়স প্রায় ১৫ বছর এবং মাসিক বেতন মাত্র ১৫ হাজার টাকা।
স্বল্প বেতনে এত সম্পদের মালিক হওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর আলফাজ উদ্দিনের স্ত্রী অফিসের মুঠোফোনে যোগাযোগ করে নিজেকে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার একজন সংসদ সদস্যের ভাগ্নি পরিচয় দেন। তিনি প্রতিবেদকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যা কিছু করেন ঠিকমতো করবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম—বাংলাদেশের কোনো ব্যাংকে আমার নামে এক কোটি টাকা নেই।”
উল্লেখ্য, প্রতিবেদকের পক্ষ থেকে তাকে এক কোটি টাকার বিষয়ে কোনো প্রশ্ন করা হয়নি। তবুও তিনি ফোনালাপে কোটি টাকার প্রসঙ্গ উত্থাপন করেন।
এলাকাবাসীর দাবি, আলফাজ উদ্দিন ইসলামী ট্রান্সপোর্টে চাকরির আড়ালে অন্য কোনো অবৈধ কর্মকাণ্ড, বিশেষ করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


