আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম নামে একজন নিহত

বন্দুকযুদ্ধ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ধামরাই থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ধামরাইসহ একাধিক থানায় ৮টি মামলা রয়েছে।

সোমবার ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একাধিক মামলার আসামি শামীম দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। রোববার বিকেলে ধামরাইয়ের কালামপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতে তাকে নিয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় অভিযানে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের পর শামীমের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানা পুলিশের ওসি দীপক রায় জানান, শামীমের বাড়ি যশোর জেলায়। তিনি ডাকাতি ছাড়াও ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।