আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে নেই নির্বাচনী আনন্দ-উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাবনা জেলার বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে নেই তেমন কোনো নির্বাচনী আনন্দ কিংবা উত্তেজনা। দীর্ঘদিনের নির্বাচনী এলাকার ঐতিহ্য পরিবর্তনের সিদ্ধান্তে চরম হতাশ ও ক্ষুব্ধ এসব এলাকার সাধারণ মানুষ।

বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই পাবনা জেলার সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১। অপরদিকে সুজানগর উপজেলা নিয়ে গঠিত ছিল ৬৯ পাবনা-২। তবে গত এক বছর আগে সাঁথিয়া উপজেলা থেকে বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন বাদ দিয়ে নতুন করে পাবনা-১ নির্বাচনী এলাকা ঘোষণার দাবিতে আদালতে মামলা দায়ের করা হয়।

আবেদনকারীর পক্ষে নির্বাচন কমিশন থেকে রায় প্রদান করা হলেও, সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি শেষে হাইকোর্ট বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়নকে সাঁথিয়ার সঙ্গে যুক্ত রেখে পাবনা-১ হিসেবে রায় দেন। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধেও আপিল করা হলে, সর্বশেষ হাইকোর্টের আপিল বিভাগ রায় দেন—শুধুমাত্র সাঁথিয়া উপজেলা নিয়েই গঠিত হবে ৬৮ পাবনা-১ এবং পুরো বেড়া উপজেলা ও সুজানগর উপজেলা মিলিয়ে গঠিত হবে ৬৯ পাবনা-২

এই রায়ে বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন—বেড়া পৌরসভা, হাটুরিয়া-নাকালিয়া, নতুন ভারেঙ্গা, কৈটোলা ও চাকলা ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ মানুষ চরম অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে এসব এলাকায় চোখে পড়ার মতো কোনো নির্বাচনী প্রচার-প্রচারণা বা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে না।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে এই পাঁচটি ইউনিয়ন থেকেই মির্জা আব্দুল হালিম, মেজর মঞ্জুর কাদের, অধ্যাপক আবু সাঈদ ও অ্যাডভোকেট শামসুল হক টুকুসহ একাধিক ব্যক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পাবনা জেলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন। এছাড়া এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের বাড়িও নতুন ভারেঙ্গা ইউনিয়নে অবস্থিত। তিনিও পাবনা-২ থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন।

অন্যদিকে, সাঁথিয়া উপজেলার বাসিন্দা মাওলানা মতিউর রহমান নিজামীও জোট সরকারের আমলে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা ছিল, অতীতের মতো সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন মিলিয়েই পাবনা-১ নির্বাচনী এলাকা বহাল থাকবে। কিন্তু সে প্রত্যাশা পূরণ না হওয়ায় মানুষের মনে জন্ম নিয়েছে গভীর হতাশা।
গত এক বছরে বেড়াবাসী নিয়মতান্ত্রিকভাবে আবেদন ও আন্দোলন চালালেও তার কোনো ফল পাওয়া যায়নি।