আ. লীগ নেতাদের জনসমর্থন না থাকায় ভোট চুরির চেষ্টা করছেঃ ব্যারিস্টার মাহবুব

বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আওয়ামী লীগে নেতাদের জনসমর্থন নেই। বিএনপির জনসমর্থন দেখে তারা দেউলিয়া হয়ে গেছে। আর এ জন্য তারা প্রশাসনের লোকজন দিয়ে নির্বাচনে ভোট চুরির চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ আছে কোনো লাভ হবে না।’

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসন্ন ১৪ ফেব্রুয়ারি সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনের নিজ দলীয় ধানের শীষের প্রার্থী মোতাহের হোসেন মানিকের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি।

পথসভায় ব্যারিস্টার মাহবুব আরও বলেন, বিএনপির পক্ষে গণ জোয়ার দেখে ভীত হয়ে তাদের ওপর হামলা-মামলা চালাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনে কোনো প্রকার অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।

ভোট চুরি ঠেকাতে জনগণকে নিজের দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে থেকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, সাংগঠনিক সম্পাদক দিদার, বিএনপি নেতা এড. তুহিন চৌধুরী, এড. মাহমুদ শাকিল প্রমুখ।