ইউক্রেনের মধ্যাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

ইউক্রেনের পূর্বাঞ্চলের পর এবার মধ্যাঞ্চলেও হামলা শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ জুলাই) ভিনৎসিয়া শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২৩ জন।

খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। হামলায় বেশ কয়েকজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অনেকে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, আহত হয়েছেন ১১০ জন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইউক্রেনের সেনাবাহিনীর অভিযোগ, যুদ্ধে টিকতে না পেরে বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে রাশিয়া।

এ হামলাকে বেসামরিকদের বিরুদ্ধে প্রকাশ্য সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, যে স্থানে এ হামলা চালানো হয়েছে তার কোনো সামরিক গুরুত্বই নেই। ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ জেলেনস্কির।