নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকার কর্মী খুশি কবীরের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর চকবাজার থানা এলাকার সমাজসেবক হাজি মোহাম্মদ বাদল বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজের মা হিসেবে শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ মে সন্ধ্যায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে ইমরান এইচ সরকারের নেতৃত্বে বের হওয়া গণজাগরণ মঞ্চের একটি মিছিল থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্লোগান দেওয়া হয়। তাদের বক্তব্য পর দিন বিভিন্ন পত্র-পত্রিকায় আসে। এতে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে বলে আদালতে মামলাটি দায়ের করা হয়।


