ইমাম মেহেদীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক : র‌্যাম্প মডেল থেকে জেএমবির ‘ব্রিগেড আদ-দার-ই কুতনী’র কমান্ডার হওয়া ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিল (২৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার ইমাম মেহেদী হাসানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩ এর এসআই আব্দুল করিম। মেহেদী হাসান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর মেহেদী হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর খিলগাঁও থানা এলাকার দক্ষিণ বনশ্রীতে অভিযান পরিচালনা করে মেহেদীকে হাসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় মেহেদী হাসানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ওই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে রিমান্ডে নেওয়া হয়।

এদিকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও উগ্রবাদী বইসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তিনি রাজধানীর বনানী ও উত্তরা পশ্চিম থানায় মামলার এজাহারভুক্ত আসামি।

মেহেদী পটুয়াখালী জেলার বাউফল থানার রাজাপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।