ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনার নিয়োগে ১০ জনের নাম চূড়ান্ত করেছেন সার্চ কমিটির সদস্যরা।

শেষ বৈঠকে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ তালিকা চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে এ তালিকা পাঠানো।

এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জন কমিশনার চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি।

বৈঠক শেষে রাত ৮টার দিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাধীনতার পঞ্চাশ বছরেও নির্বাচন কমিশন গঠন নিয়ে কোন আইন ছিল না এদেশে। অবশেষে চলতি সংসদের সবশেষ অধিবেশনে উত্থাপনের পর বেশ কিছু সংশোধনী এনে পাশ হয় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার গঠনে আইন। আইন অনুসারে, আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে গঠন করা হয় সার্চ কমিটি। কমিটির প্রথম বৈঠক শেষে রাজনৈতিক দল ও সমাজের সর্বোস্তর থেকে যোগ্য ব্যক্তির নাম চাওয়া হয়। আলোচনা করা হয় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি সঙ্গে।

গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। দুদিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এসব বৈঠকে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২টি নাম প্রকাশ করা হয়। ১৪ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়।