ইসি দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেঃ রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দুর্নীতি ও চাকরি রক্ষা করতে গিয়ে সরকারের ইচ্ছেপূরণে ইসি দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।’

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিশেষজ্ঞরা যা বলেছিলেন তা হলো- এই মেশিনে দূর থেকে হ্যাক করা যায়। ভোটের ফলাফল ম্যানিপুলেট করা যায়।’

“২০১৮ সালে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্য অনুরোধ করলে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘রাজনৈতিক দলগুলো না চাইলে ইভিএম ব্যবহার করা হবে না।’ কিন্তু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেই কথা রাখেননি। তিনি কথা রেখেছেন সরকারের। ইভিএমে ভোট ম্যানিপুলেট করা হয়েছে দেদারসে। দিনের ভোট রাতে করেছে।”

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘সরকারি দলের ভোটসন্ত্রাস, হামলা, প্রচার মাইক ভাঙচুর, বিএনপি নেতাকর্মীদের জখম ও রক্তাক্ত করা, ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়া, যেখানে ভোট হচ্ছে, সেই এলাকার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি এবং পাইকারিভাবে গ্রেপ্তারের বিষয়ে অভিযোগ করলে নির্বাচনি কার্যালয়ের কর্মকর্তারা তা আমলে নেন না। বরং উপহাস করেন, তামাশা করেন।’ তিনি আরও বলেন, ‘এই নির্বাচন কমিশন যে অপরাধ করেছে, তা অবশ্যই অভিশংসনযোগ্য অপরাধ, দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের এই অভিমতের সঙ্গে বিএনপি সম্পূর্ণরূপে একমত।’

সাম্প্রতিক পৌরসভা নির্বাচনের উদাহরণ টেনে রিজভী বলেন, ‘ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারে ব্যাপক বাধাদানসহ পোস্টার ছিঁড়ে ফেলা, বিএনপি নেতাকর্মীদের মারপিট ও প্রকাশ্যে মাইকের মাধ্যমে ভোটকেন্দ্রে না আসতে হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হলেও কোনও প্রতিকার পাওয়া দূরের কথা, উল্টো বিএনপি নেতাকর্মীসহ ধানের শীষ প্রতীকের সমর্থক ও ভোটারদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বানোয়াট ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তার অভিযান চালিয়ে হয়রানি করা হচ্ছে।’