ইসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিসিই) এবং চার নির্বাচন কমিশনার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে গতকাল ইসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইননজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিসিই) এবং চার কমিশনার নিয়োগ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়।

রিটে বলা হয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট অ্যাক্ট- ১৯৭৪ এর ৫(১)(২)(৩) ধারার সঙ্গে সাংঘর্ষিক।

ইউনুস আলী আকন্দ বলেন, যে প্রক্রিয়ায় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা বৈধ হয়নি। কারণ, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে উল্লেখ আছে, আইন তৈরি করে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। সেই আইন তৈরি না করে ইসি নিয়োগ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

সম্প্রতি কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অন্য কমিশনাররা হলেন- প্রাক্তন সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন চৌধুরী, প্রাক্তন অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, প্রাক্তন সচিব রফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম।