ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম পিয়ারপুর বাজার এলাকায় অবস্থানকালে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। পরে তাকে অনুসরণ করে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ গোলাম রব্বানী (৩৪)। তার দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি ৮ চেম্বার বিশিষ্ট রিভলবার ও ৮ রাউন্ড .২২ বোরের গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রাখা এবং তা বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্রও সে দেখাতে পারেনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাবনা জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।