উত্তরখানে ধানের শীষের পক্ষে বিএনপির ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪৫ নং ওয়ার্ডে (উত্তরখান) ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার (৩০শে জানুয়ারি) ধানের শীষের প্রার্থীর পক্ষে জনসমর্থন তৈরিতে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

প্রচারণা চলাকালীন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিএনপি নেতা-কর্মীদের মিছিলটি যখন উত্তরখানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, তখন সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান। অনেকে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন এবং ধানের শীষের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

গণসংযোগে বিএনপি নেতারা বলেন, “উত্তরখানের ৪৫ নম্বর ওয়ার্ডের মানুষের এই অকৃত্রিম

ভালোবাসা ও উৎসাহ আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে দেশের গণতন্ত্রকে আবারও শক্তিশালী করবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম জাহাঙ্গীর হোসেনের সহজ-সরল জীবনযাপন এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি নিয়মিত এলাকায় ঘুরে জনগণের সমস্যাগুলো শুনছেন এবং নির্বাচিত হলে তা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। তার এই মানবিক গুণাবলীর কারণেই সাধারণ মানুষের মাঝে তার প্রতি গভীর আস্থা তৈরি হয়েছে।

প্রচারণা কার্যক্রমে লিফলেট বিতরণ, পথসভা ও মিছিলে অংশ নেন স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ রসিদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, উত্তরখান থানা বিএনপি। মোঃ আশরাফ উদ্দিন, সভাপতি, ৪৫ নং ওয়ার্ড বিএনপি। নাসির উদ্দিন, সহ-সভাপতি, ৪৫ নং ওয়ার্ড বিএনপি। মোঃ ছফিল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, ৪৫ নং ওয়ার্ড। টুটুল, বিএনপি নেতা। জহুরুল ইসলাম, সভাপতি, ২নং ইউনিট। আশাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক, ২নং ইউনিট। উত্তরখান থানার সাবেক বিএনপি নেতা বকুল, জহুরুল ইসলামসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।