বিদ্যুৎ বিচ্ছিন্নের চিঠির ৬ মাসেও কার্যকর হয়নি সিদ্ধান্ত, প্রশ্নের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

উত্তরায় অবৈধ ভবন, রাজউক–ডেসকো নিষ্ক্রিয়?

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকার আব্দুল্লাহপুর ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডে নকশা অনুমোদন ছাড়াই একটি ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, খসরু ও রিয়াজ মোল্লা গং ওই ভবনটি নির্মাণ করেছেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ইমারত পরিদর্শক মেহেদী হাসান জানান, ভবনটি রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই নির্মিত হয়েছে। তিনি আরও বলেন, গত ১২/০৮/২০২৫ ইং তারিখে “সূর্যমুখী টাওয়ার”-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর নির্বাহী প্রকৌশলীর বরাবর স্মারক নং-৬৫৭ মূলে একটি চিঠি প্রেরণ করা হয়।

৬ মাসেও বিচ্ছিন্ন হয়নি বিদ্যুৎ সংযোগ

তবে অভিযোগ রয়েছে, চিঠি প্রেরণের পরও বিগত ৬ মাসে ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এ বিষয়ে ডেসকোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান—

“রাজউকের লোক ছাড়া বিদ্যুৎ লাইনটি বিচ্ছিন্ন করা আমাদের পক্ষে সম্ভব নয়।”

পরবর্তীতে রাজউকের পরিচালক (জোন ২/১)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অথরাইজড অফিসার (২/১)-এর সঙ্গে পরামর্শের পরামর্শ দেন। অথরাইজড অফিসার জানান, ডেসকোর নির্বাহী প্রকৌশলীর কাছে পত্র পাঠানো হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার দায়িত্ব তাদের।

তবে ডেসকো কর্তৃপক্ষের বক্তব্য, রাজউকের প্রতিনিধির উপস্থিতি ছাড়া তারা এককভাবে সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন না।

দায়িত্ব এড়ানোর সংস্কৃতি?

অভিযোগ রয়েছে, অথরাইজড অফিসার ইমারত পরিদর্শক মেহেদীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরও জানা গেছে, রাজউকের একাধিক নোটিশ ডেসকোর কাছে জমা থাকলেও তা কার্যকর হয়নি।

এতে প্রশ্ন উঠেছে—
নকশা অনুমোদন ছাড়া কীভাবে উত্তরার বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বহুতল ভবন গড়ে উঠছে? সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতা নাকি ইচ্ছাকৃত গাফিলতি—এ নিয়েও জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

একাধিক অভিযোগের পরও দৃশ্যমান ব্যবস্থা নেই

“সূর্যমুখী টাওয়ার”, “আল-ইনসাফ টাওয়ার” ও “কদম আলী টাওয়ার”-এর বিরুদ্ধে একাধিকবার রাজউকের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ পাঠানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

অনুসন্ধান চলমান…