উত্তরা ফায়দাবাদে ‘সূর্যমুখী’ নামে ১০ তলা ভবনের মালিকানা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: উত্তরা ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ এলাকায় প্রাইমারি স্কুল রোডে অবস্থিত ‘সূর্যমুখী’ নামে একটি ১০ তলা ভবনের মালিকানা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। জানা যায়, একটি আম-মোক্তারনামা দলিলের ভিত্তিতে মো. হারুন-আল-রশিদ ১৭ জন ক্রেতার কাছে ১২ দশমিক ৫৬ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। অভিযোগ রয়েছে, এই দলিলের বৈধতা নিয়েই এখন দেখা দিয়েছে গুরুতর সন্দেহ। তথ্য অনুযায়ী, হাসিনা আক্তার নামের একজন ব্যক্তি গত ২০ অক্টোবর ২০২০ তারিখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কনসুলার কর্মকর্তা চৌধুরী সুলতানা পারভিন-এর সম্মুখে স্বাক্ষর করে মো. হারুন-আল-রশিদকে আম-মোক্তারনামা প্রদান করেন। পরে কনসুলার কর্মকর্তা উক্ত দলিলটি ০৫১৫/২০২০ নং স্মারকে সত্যায়িত করেন।
পরবর্তীতে দলিলটি বাংলাদেশে আনা হলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। পরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (কনসুলার) মো. আতাউল হক ১০ নভেম্বর ২০২০ তারিখে ২৯৭৮/২০২০ নং স্মারকে দলিলটি পুনরায় সত্যায়িত করেন।
এই আম-মোক্তারনামার ভিত্তিতে মো. হারুন-আল-রশিদ প্রায় ১ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকায় জমিটি বিক্রি করে দেন বলে জানা যায়। তবে এ ঘটনায় নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। কারণ, হারুন-আল-রশিদের নিকটাত্মীয় এবং তার ভগ্নিপতি আসাদুজ্জামান সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-কে জানিয়েছেন, হাসিনা আক্তার প্রায় ১৫ বছর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছেন। এছাড়া দলিল সম্পাদনের সময় হারুন-আল-রশিদ যে ঠিকানা ব্যবহার করেছেন, তার কোনোটি সঠিক নয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনাটি নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হওয়ায় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর বার্তা বিভাগের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব, সহকারী সচিব ও মহাপরিচালক (কনসুলার)-এর কাছে একাধিকবার লিখিতভাবে তথ্য চাওয়া হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
এমনকি তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করে সোনালী ব্যাংক উত্তরা শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন করা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য প্রদানে অনীহা দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর বার্তা বিভাগ থেকে জেলা প্রশাসক, ঢাকা; মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন (দুদক); চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক); জেলা সাব-রেজিস্ট্রার, ঢাকা; মহাপরিচালক, ভূমি অধিদপ্তর; চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড; এবং ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর কাছেও একাধিকবার অভিযোগ করা হয়েছে।
এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর কাছেও ট্রেজারি চালানের মাধ্যমে তথ্য চাওয়া হলেও তারা কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেননি বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকেও অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান নির্ভরযোগ্য তথ্য প্রদান করতে পারেনি।
বিস্তারিত আগামী পর্বে…