এস.এম.নাহিদ: রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাড্ডা থানাধীন উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান বিপু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল। সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ১টি রাইফেল, ২টি রাইফেল ম্যাগাজিন, ৮টি পিস্তল ম্যাগাজিন, ৩৯৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩০টি কার্তুজসহ বিভিন্ন দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া ওয়াকিটকি সেট, ধারালো অস্ত্র ও একটি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার ৬ই ফেব্রুয়ারি সকালে রাজধানীর গুলশান আর্মি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


