নিজস্ব প্রতিবেদক : উদ্ধার হওয়া কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের জবানবন্দি গ্রহণ করা হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আব্দুল বাতেন বলেন, ‘যশোর থেকে উদ্ধার হওয়া কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের জবানবন্দি গ্রহণ করা হবে। আজ আদালতে হাজির করে ১৬৪ ধারায় তার জবানবন্দি নেওয়া হবে। এ জন্য ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে তাকে হাজির করা হবে।’
তিনি বলেন, ‘ফরহাদ মজহার নিখোঁজের ঘটনায় সোমবার রাতেই স্ত্রী ফরিদা আক্তার বাদী হয়ে মামলা করেন। মামলা নম্বর-৪। এর তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের জন্যই জবানবন্দি নেওয়া হবে।’
সাংবাদিকদের প্রশ্নে আব্দুল বাতেন বলেন, ‘তিনি (ফরহাদ মজহার) বলেছেন বাসার গেট থেকে চোখ বেঁধে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয়। তবে বিস্তারিত বলতে পারছেন না। দেখি তিনি আদালতকে কী বলেন। কেননা বিষয়টি আমাদের কাছেও রহস্য লাগছে যে, তিনি কীভাবে নিখোঁজ হলেন।’
উল্লেখ্য, সোমবার রাতে যশোরে যাত্রীবাহী একটি বাস থেকে ‘নিখোঁজ’ ফরহাদ মজহারকে উদ্ধারের পর মঙ্গলবার সকালে নেওয়া হয় আদাবর থানায়। সেখান থেকে তেজগাঁওয়ের ডিসি কার্যালয়ে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করতে পরে তাকে নেওয়া হয় মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে।
ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সোমবার ভোরে শ্যামলীর রিং রোড ১ নং হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন এই কলামিস্ট। পরবর্তীকালে তিনি স্ত্রীকে মোবাইলে ফোনে জানান, কে বা কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে মেরেও ফেলা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত ছয়বার ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।


