উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী ও স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উন্নয়ন প্রকল্পের কার্যক্রম এবং নতুন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

মো. আবদুল হামিদ গতকাল রোববার রাতে মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

রাষ্ট্রপতি হামিদ হাওড় এলাকার আইনশৃঙ্খলা পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার জন্য সবাইকে তাগিদ দেন। তিনি মাদকমুক্ত পরিবেশ এবং বাল্যবিয়ে রোধে এলাকার সচেতন মানুষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেন।

রাষ্ট্রপতি জনপ্রতিনিধি, বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিচারের নামে কখনও অবিচার করবেন না। জনগণ যাতে আপনাদের ওপর আস্থা রাখতে পারে সে রকম কাজ করবেন।’

তিনি বলেন, ‘হাওড় এলাকার উন্নয়ন দেশের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন ও জটিল। তাই, আমাদের উন্নয়ন চাহিদা অনেক এবং ইচ্ছে করলে সব চাওয়া-পাওয়া পূরণ করা সম্ভব হয় না।’

রাষ্ট্রপ্রধান বলেন, হাওড় এলাকার অবকাঠামো, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এলাকার জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন চাহিদা পূরণে পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন।