উপজেলার চেয়ারম্যান-মেম্বার বরখাস্তের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জারজীস হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী।

গত ২ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জারজীস হোসেনকে বরখাস্ত করা হয়।

তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় মুজিবনগর থানায় চার্জশিট গৃহীত হওয়ায় বরখাস্ত করা হয়। পরে এই বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তারা। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ বরখাস্তের আদেশ স্থগিত করেন।