চীনের অন্যতম প্রধান শহর উহানে আবারো লকডাউন জারি করা হয়েছে। দুই বছরেরও বেশি সময় আগে এই শহরেই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চার জনের শরীরে উপসর্গবিহীন করোনা শনাক্ত হওয়ার পর চীনের জিয়াংজিয়া জেলার বাসিন্দাদের তিন দিনের জন্য বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, দুদিন আগে করোনার নিয়মিত পরীক্ষায় দুই ব্যক্তির শরীরে উপসর্গবিহীন করোনা শনাক্ত হয়। এ ছাড়া কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর কিছুক্ষণ পর লকডাউনের আদেশ জারি করা হয়।
এর আগে চীনের অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত সাংহাইয়ে লকডাউন জারি করেছিল চীন সরকার। দুই মাসের কঠোর লকডাউনের পর গত মাসে সাংহাই থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। এরপর উহানে লকডাউন জারি করা হলো।


