বিনোদন ডেস্ক : সকল জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি বাগদান সেরেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এখন তাদের বিয়ের জন্য অপেক্ষায় ভক্তরা। এদিকে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে কবে, কোথায় হবে তা নিয়ে বলিপাড়ায় চাউর হয়েছে নানা গুঞ্জন। তবে এ সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। ভারতীয় একটি সংবাদমাধ্যমে মেয়ের বিয়ে নিয়ে কথা বলেছেন তিনি। এ প্রসঙ্গে মধু চোপড়া বলেন, ‘তারা এখনো বিয়ের তারিখ নির্ধারণ করেনি। এই গুঞ্জনগুলো ভিত্তিহীন। তাদের দুজনেরই কাজ রয়েছে সেগুলো আগে শেষ করতে হবে। তারপরই তারা সিদ্ধান্ত নিবে কবে, কোথায় বিয়ে করবে।’ তিনি আরো বলেন, ‘আমি চাই ভারতীয় রীতিতে তাদের বিয়ে হোক। এটা আমার একমাত্র ইচ্ছা। আমি রোকা (পাঞ্জাবি প্রথায় সম্পর্ক পাকা করার পদ্ধতি) ও পূজা দিয়ে এর শুরু করেছি, যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন আধুনিক মা কিন্তু মনের গভীরে খুবই রক্ষণশীল।’ প্রিয়াঙ্কার রোকা অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়। সেদিনের বর্ণনা করে প্রিয়াঙ্কার মা বলেন, ‘নিক পূজার সময় প্রার্থণা খুবই উপভোগ করেছে। এটি তার জন্য নতুন বিষয় ছিল এবং সে এটি গুরুত্ব সহকারে নিয়েছে। পন্ডিত যা বলেছেন সে তাই করেছে। শুধু তাই নয়, সংস্কৃত মন্ত্রগুলোও সে খুবই ভালোভাবে উচ্চারণ করেছে। তার মা-বাবাও খুবই সুন্দরভাবে এটি সম্পন্ন করেছেন। তারা খুবই ভালো মানুষ। নিক খুবই পরিণত ও শান্ত স্বভাবের। খুবই ভালো এবং পরিবারের সবাই তাকে অনেক পছন্দ করেছে। সে খুব নম্র এবং বড়দের সম্মান করে। একজন মা এর চেয়ে বেশি আর কী চাইতে পারে।’


