প্রশাসনে কর্মরত তিন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—খুলনা ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) ইন্দ্রজীত সাহা, যশোর সেনানিবাস ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ আল-আমিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান।
সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী নামের পাশে বর্ণিত আইনে, অধিক্ষেত্রে, সময়কালে এবং শর্তে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।
এ ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণের শর্তে বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে তার অধিক্ষেত্রে অন্যান্য সংস্থায় নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন। এছাড়াও ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ করা হয়।


