খেলা ডেস্ক: ২০১১ সালের ৩১শে ডিসেম্বর, ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচে ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ২-৩ গোলে পরাজিত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাই ছিল বছরের শেষ ম্যাচে রেড ডেভিলদের হার। এরপর টানা এক দশক বছরের সর্বশেষ ম্যাচে অপরাজিত ম্যানইউ। সেই ধারাবাহিকতা রক্ষা করলো এবারও। বছরের শেষ ম্যাচে বার্নলিকে হারালো রালফ রাংনিকের দল। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় ম্যানইউ।
গত এক দশকে বছরের শেষ ম্যাচের ৭টিতে জয় ম্যানইউর, ৩টি ড্র।
স্কট ম্যাকটোমিনে এবং ক্রিস্টিয়ানো রোনালদো একটি করে গোল পান। অপর গোলটি আত্মঘাতী। এই জয়ে রালফ রাংনিকের অজেয় যাত্রা ধরে রাখলো ইউনাইটেড।
অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক এবং বর্তমান কোচ রালফ রাংনিকের অধীনে গত ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করলো ম্যানইউ।
যা ওলে গানার সুলশারের অধীনস্ত ম্যানইউর চাইতে ১০ পয়েন্ট বেশি। সুলশারের সর্বশেষ ছয় ম্যাচে চারটিই হারে ম্যানইউ।
এ নিয়ে প্রিমিয়ার লীগে টানা ১০ অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি বার্নলি, চার ম্যাচে ড্র এবং ছয়টিতে হেরেছে দলটি।
ঘরের মাঠে গোটা ম্যাচে আধিপত্য ছিল ম্যানইউর। সিংহভাগ বল পজেশনে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৮টি শট নেয় স্বাগতিকরা। অপরদিকে ১০টি শটের ৩টি লক্ষ্যে রাখে বার্নলি।
প্রতিপক্ষের মাঠে প্রথম সুযোগ পায় বার্নলি। তবে চতুর্থ মিনিটে ক্রিস উডের হেড থাকেনি লক্ষ্যে। সপ্তম মিনিটে গোল করতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রসবারের ওপর দিয়ে যায় তার শট। পরের মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাসন গ্রিনউডের পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি রোনালদো, পেয়ে যান ম্যাকটোমিনে। দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন এই স্কটিশ মিডফিল্ডার। গত জানুয়ারির পর এটাই লীগে কোনো ম্যাচে ইউনাইটেডের দ্রুততম গোল।
২৭তম মিনিটে বেন মির আত্মঘাতী গোলে স্কোর লাইন হয়ে যায় ২-০। জ্যাডন স্যানচোর শট তার পায়ে লেগে জালে জড়ায়।
৩৫তম মিনিটে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো। ম্যাকটোমিনের শট গোলরক্ষক কোনোমতে ফেরালে পেয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড। ফাঁকা জালে অনায়াসে বল পাঠান তিনি।
তিন মিনিট পর অ্যারন লেননের গোলে ব্যবধান কমায় বার্নলি।
৯০তম মিনিটে ডি বক্স থেকে শট নিতে পারেননি বার্নলির এরিক পিটারস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে জেমস তারকোভস্কির হেড সহজেই ঠেকিয়ে দেন ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছে ইউনাইটেড। ১৮ ম্যাচে দলটির পয়েন্ট ৩১। গোল পার্থক্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের চেয়ে পিছিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। তাদের সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি।
১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট চারে আর্সেনাল।


