‘এনআইএ সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেনি’

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেপ্তার জেএমবি ভারত শাখার প্রথম আমির ও নব্য জেএমবির শুরা সদস্য সোহেল মাহফুজ ওরফে নসিরুল্লা ওরফে হাতকাটা সোহেলকে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ জিজ্ঞাসাবাদ করেনি।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এর আগে গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম জানিয়েছিল, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মূল আসামি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকা এসেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার ন্যাশনাল ইনটেলিজেন্স এজেন্সির (এনআইএ) প্রতিনিধি দল।

ডিএমপি কমিশনার বলেন, ‘এনআইএ সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করেনি। আমরা জিজ্ঞাসাবাদ করেছি। হলি আর্টিজানে হামলার বিষয়ে সোহেল মাহফুজ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।’

তবে সোহলে মাহফুজকে গ্রেপ্তারের পর ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলেছিলেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা যদি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে সে সুযোগ দেওয়া হবে। তবে সেটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে।’

সম্প্রতি গুলশানের হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আমবাগান থেকে সহযোগীসহ গ্রেপ্তার করে সিটিটিসি ও জেলা পুলিশ।

খুব শিগগিরই গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় হামলার মামলায় চার্জশিট আদালতে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।