এনজিওদের ঋণের কিস্তি বন্যার্তদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এনজিওদের ঋণের কিস্তি বন্যার্তদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। আগামী ফসল না ওঠা পর্যন্ত এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করবে না বন্যাকবলিতরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ফসল ওঠার পর সক্ষমতা তৈরি হলে কিস্তি পরিশোধ করা হবে।

শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার টেপুরাকান্দির সিঅ্যান্ডবি ঘাট এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ভয় পাওয়ার কারণ নেই। বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। বন্যার ক্ষয়ক্ষতি আমরা অচিরেই কাটিয়ে উঠব। সরকারের সকল দপ্তর ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের পাশে আছেন।

ত্রাণ বিতরণকালে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর বক্তব্য রাখেন।