নিজস্ব প্রতিবেদক : অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন। দ্বিতীয় বারের মতো তলবের পরিপ্রেক্ষিতে আজ তাদের জিজ্ঞাসাবাদ করছে দুদক।
একই ঘটনায় আগামী ৩১ ডিসেম্বর ও ২ জানুয়ারি ব্যাংকটির সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে অভিযোগে সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে অর্থ পাচারে কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সার্বিক দায়িত্বে রয়েছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
গত ২১ ডিসেম্বর দেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এম. ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ব্যারিস্টার ফাহিমুল হক পদত্যাগ করেন। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা পদত্যাগ করেন।


