এ পর্যন্ত ১৭ হাজার ৮৫৩ জন এবার হজে যেতে পারেননি

সচিবালয় প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, মুয়াল্লিম ফি বৃদ্ধি, ই-ভিসা জটিলতাসহ নানা কারণে এ পর্যন্ত ১৭ হাজার ৮৫৩ জন এবার হজে যেতে পারেননি।

বুধবার দুপুরে বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘সৌদি সরকার এবার মুয়াল্লিম ফি বাড়িয়েছে ১ হাজার ৫০০ রিয়াল। একই সঙ্গে ২০১৫-১৬ সালে যারা হজে গেছেন তাদের জন্য অতিরিক্ত ৪৪ হাজার টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। তা ছাড়া ই-ভিসা জটিলতার কারণেও ঠিক সময়ে হজ যাত্রীরা যেতে পারছেন না। এসব জটিলতা নিরসনে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে।’

মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত ২৯ হাজার ৮৩৯ জন হজ যাত্রী জেদ্দা পৌঁছেছেন। বাংলাদেশ বিমানের ১২টি ফ্লাইট বাতিল হয়েছে। এ জন্য ৪ হাজার ৮০০ যাত্রী হজে যেতে পারেননি। এ ছাড়া সৌদি এয়ার লাইন্সের ৩টি ফ্লাইট বাতিল হওয়ার কারণে ১ হাজার ২০০ যাত্রী হজে যেতে পারেননি।’